ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর কবরস্থান সংলগ্ন একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলো চাঁদনী আক্তার (৯) ও নূরজাহান বেগম (৮)। তারা দুজনেই চাতলপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা প্রতিবেশী এবং ঘনিষ্ঠ খেলার সাথী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুটি নিখোঁজ হয়। তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রতনপুর কবরস্থান সংলগ্ন একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো স্থানীয়দের দাবি। তাদের মতে, শিশু দুজনই ভালো সাঁতার জানত। এছাড়া যে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে পানি ছিল মাত্র হাঁটু সমান। ফলে এমন অগভীর পানিতে দুই শিশুর মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শোকাহত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
প্রতিনিধি/একেবি




