নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারাদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানা, গতকাল দুইজন ভুক্তভোগী জানায়, একদল প্রতারক দুটি মূল্যবান কয়েন প্রলোভন দেখিয়ে তাদের কাছে বিক্রি করতে চায়। এই প্রতারক চক্র ভুক্তভোগীদের কাছে থেকে বিভিন্ন তারিখে মোটা অঙ্কের কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের কাছে আজ কয়েনগুলো হস্তান্তরের কথা ছিল। কিন্তু তারা দেব দেব করে দিচ্ছিল না। প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গেলে তাদেরকে পায় না। পরবর্তীতে আরও কয়েক লাখ টাকা দাবি করে এবং টাকা আজকে দিলে কয়েনগুলো তাদের কাছে হস্তান্তর করবে বলে জানান।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি সন্দেহভাজন হলে জেলা গোয়েন্দা পুলিশকে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হোটেল ফারিয়াল থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন সংরক্ষিত আছে বলে জানান। তাদের দেওয়া তথ্যে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেফতার করা হয়। আবু সাঈদের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




