বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। এ কার্যক্রম চলবে ১১ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন আক্তার হাম-রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। উপজেলা ও পৌরসভা ভিত্তিক হিসেবে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ হাজার, দৌলতপুরে ৪৭ হাজার ৬১৩, মিরপুরে ৩৩ হাজার ৮৯৩, ভেড়ামারায় ২৪ হাজার ৬৯১, কুমারখালীতে ৩৮ হাজার ৮৪৩ এবং খোকসায় ১৪ হাজার ৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া পৌরসভায় ১৯ হাজার ৪৫০, ভেড়ামারা পৌরসভায় ২ হাজার ৬৮৬ এবং কুমারখালী পৌরসভায় ৪ হাজার ৫৪৪ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

ক্যাম্পেইন সফল করতে জেলায় ৬টি স্থায়ী ও ১ হাজার ৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 


বিজ্ঞাপন


জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ও পৌরসভা ভিত্তিক মাইক্রোপ্ল্যান অনুযায়ী নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর