বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় জব্দকৃত চার হাজার লিটার ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় জব্দকৃত চার হাজার লিটার ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত এই ডিজেল পরবর্তীতে সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয় কৃষকদের মাঝে এই ডিজেল বিক্রির প্রক্রিয়া শুরু হয়।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার টিপুর মোড়ে অবস্থিত ‘লোপা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী লোকমান হাকিম দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। সম্প্রতি জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে তিনি অধিক মুনাফার আশায় বিক্রি বন্ধ করে তেল মজুত শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লোপা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী লোকমান হাকিম পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অবৈধ মজুত উদ্ধার করা হয়েছে। জব্দকৃত তেল বৃহস্পতিবার সকাল থেকে সরকারি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে এবং অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা জনভোগান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর