পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অননুমোদিত পাত্রে (ড্রামে) তেল বিক্রির অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টায় সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্টেশনটিতে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছিল না। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং অননুমোদিত ড্রামে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় সদর দক্ষিণ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) শাহরিয়ার ভুঁইয়া, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জানান, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা এবং অনিরাপদ বা অননুমোদিত পাত্রে তেল সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি




