বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিলেটে চা শ্রমিকদের আন্দোলন: ৩ সপ্তাহ মজুরি বন্ধ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

সিলেটে চা শ্রমিকদের আন্দোলন: ৩ সপ্তাহ মজুরি বন্ধ
সিলেটে চা শ্রমিকদের আন্দোলন

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানে টানা তিন সপ্তাহ ধরে চা শ্রমিকদের মজুরি (তলব) না দেওয়ায় শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অফিসের গেটে তালা লাগিয়ে দেন। বর্তমানে চা বাগানে কোনো কাজ হচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে চা শ্রমিকরা তাদের পাওনা মজুরির দাবিতে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ঘটনাটি রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে সকাল ১০টার দিকে ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, মৌলভীবাজারের দেওরাছড়া চা বাগানে গত তিন সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি প্রদান করতে পারেনি বাগান কর্তৃপক্ষ। এতে কয়েক শতাধিক চা শ্রমিক চরম দুর্ভোগে পড়েছেন। শ্রমিকরা বারবার মজুরি প্রদানের দাবি জানালেও বাগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চুপ রয়েছে।

এ পরিস্থিতিতে দেওরাছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে গত ১২ এপ্রিল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের বরাবর একটি লিখিত আবেদন জানানো হয়। কিন্তু ৪–৫ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা বাগান অফিসের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সেখানেই অবস্থান করছেন।

দেওরাছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সুবুধ কর্মী জানান, গত তিন সপ্তাহ ধরে তলব বন্ধ রয়েছে। কয়েক শতাধিক চা শ্রমিক কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা লিখিতভাবে আবেদন করেছি মজুরি দেওয়ার জন্য, কিন্তু এখনো তা দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। বর্তমানে শ্রমিকদের আন্দোলনের কারণে বাগানের সব ধরনের কাজ বন্ধ রয়েছে।

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে বিক্ষুব্ধ শ্রমিকরা অফিসে তালা দিয়েছে। কিছুদিন আগে এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে বাগান ম্যানেজমেন্ট গত তিন সপ্তাহ ধরে তলব বন্ধ রেখেছে।

এ বিষয়ে দেওরাছড়া চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর