চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাসেল ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাসেল বাড়ির পাশের একটি কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বজ্রপাতে রাসেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




