সিলেটের বিশ্বনাথ উপজেলায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে এক মাজার খাদেম নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম শাহ আলম (২৮)। তিনি খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা ও ছিফত আলীর ছেলে। তিনি স্থানীয় হযরত খাজা হানিফ শাহ্ চিশতী (রহ.) মাজারে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম ও মিজানুর রহমান (৩২) দীর্ঘদিনের বন্ধু। তবে বুধবার দুপুরে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এরপর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। তখন মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল এনে শাহ আলমের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমানকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি




