কক্সবাজারের রামু উপজেলায় অটোরিকশা (সিএনজি) থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মো. রুবেল (২৫)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করে। এ সময় বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চালক মো. রুবেলকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




