কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সামশুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খুটাখালী পান্ডা চুরি এলাকার কালাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সামশুল আলম খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিছা ৬ নং ওয়ার্ডের অলি আহমদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বিটের আওতাধীন কালাপাড়ার সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ চক্রের সঙ্গে স্থানীয় নুরুল আলমের ছেলে ফারুক, মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ হামিদ এবং কবির হোসেনসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এক পর্যায়ে চোরাবালিতে সৃষ্ট গভীর গর্তে পড়ে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




