মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের অপর ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ছেলে মো. মুশফিকুর রহমান মশিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে শহিদুর মিয়াকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে বিকেল ৪টার দিকে র্যাব-৯ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




