রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক

অবসরজনিত বিদায় বেলায় এক ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে বিদায় জানালো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। 

বুধবার (১৫ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক রানু গোপাল রায়কে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজার পৌর শহরের গির্জাপাড়া এলাকায় তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।


বিজ্ঞাপন


তিনি একই বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন এবং সর্বশেষ প্রায় নয় বছর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার এই বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তিলগ্নে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি মুহূর্তেই শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা আর ভালোবাসায় এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। 

২০২২ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে প্রিয় শিক্ষককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদায়বেলায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, তিনি শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, ছিলেন তাদের প্রকৃত অভিভাবকের মতো। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে সবসময় সঠিক সমাধান ও দিকনির্দেশনা পাওয়া যেত। তাঁর বিদায়ে তারা গভীর শূন্যতা অনুভব করছে। সহকর্মী শিক্ষকরা বলেন, নীতির প্রশ্নে আপসহীন এবং মানবিকতায় অনন্য এই মানুষটির বিদায়ে স্কুল পরিবার এক আদর্শ ব্যক্তিত্বকে হারাল। তাঁর দায়িত্বশীলতা, সততা ও মানবিক গুণাবলি সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


আবেগাপ্লুত কণ্ঠে সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায় বলেন, এই বিদ্যালয়ই তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয়। তিনি সবসময় ন্যায়ের পথে চলার চেষ্টা করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের এই অকৃত্রিম ভালোবাসাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর