বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সৈকতে ভেসে এলো ৪০ কেজির কচ্ছপ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

সৈকতে ভেসে এলো ৪০ কেজির কচ্ছপ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন সৈকতে জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। প্রথমে এটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আ. জলিল। পরে তিনি বিষয়টি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের জানান।


বিজ্ঞাপন


ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমে। পরিবেশ সচেতনদের মতে, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব— এই তিনটি কারণ এমন মৃত্যুর পেছনে বড় ভূমিকা রাখতে পারে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ বিষয়ে বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কচ্ছপটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নজরদারি বাড়ানো হবে।


বিজ্ঞাপন


পরবর্তীতে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটি মাটিচাপা দেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর