আন্তর্জাতিক অঙ্গনে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকটের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলায়ও দেখা দিয়েছে জ্বালানি সংকট।
বুধবার (১৫ এপ্রিল) জেলার সব ধরনের ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যানবাহন চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
এর আগে, সীমিত আকারে কিছু ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হলেও আজ পুরো জেলাজুড়ে বন্ধ হয়ে গেছে পেট্রোল ও অকটেন বিক্রি। এতে করে জরুরি সেবা ও পরিবহন ব্যবস্থায়ও প্রভাব পড়তে শুরু করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ ঢাকা মেইলকে জানান, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে তেলের ডিপো বন্ধ থাকায় আজ জেলায় জ্বালানি সরবরাহ সম্ভব হয়নি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, আগামীকাল ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলে ফিলিং স্টেশনগুলো পর্যায়ক্রমে আবার ভোক্তাদের তেল দিতে পারবে।
এদিকে হঠাৎ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। অনেকেই পাম্পে গিয়ে ফিরে আসছেন খালি হাতে।
প্রতিনিধি/ এজে




