বরিশাল নগরীর একটি তিনতলা ভবনের নিচতলায় আকস্মিক বিস্ফোরণে ফ্লাটের দরজা-জানালা উড়ে গেছে। এসময় একই পরিবারের দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অনেকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে দাবি করেছেন, তবে সিলিন্ডার বিস্ফোরণে এত বড় ক্ষতি হতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
আহতরা হলেন— ফ্লাটের বাসিন্দা মৃদুল ও মৃদুলের মা।
স্থানীয় বাসিন্দা গালিব ও মোশাররফ বলেন, ভোর ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। বিস্ফোরণের কারণে ওই ভবনের নিচতলার দরজা, জানালা ভেঙে পার্শবর্তী খালে পড়ে যায়। এতে ওই ফ্লাটের সব কটি রুম ক্ষতগ্রস্ত হয়েছে। ওই বাসায় থাকা ৩ জনকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এলাকাবাসী আরও বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এতোটা ক্ষতি হতে পারে না। বিস্ফোরণে দরজা, জানালা, গেট উড়ে গিয়ে পাশের খালে পড়েছে। পুলিশ তখনও আসেনি।
২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই ভবনের নিচ তলায় বাবা ও ছেলে থাকে। বাবা সিকিউরিটি গার্ড মানিক ও ছেলে মৃদুল। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনা তদন্তে পুলিশের দুটি টিম কাজ। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে জানান তিনি।
প্রতিনিধি/টিবি




