বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) ব্যতিক্রমী এক আয়োজনে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে কোরাল ও পাঙ্গাস মাছ। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানের বিবরণ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
ব্যতিক্রমী আয়োজন নববর্ষের চিরাচরিত প্রথা অনুযায়ী পান্তা ভাত পরিবেশন করা হলেও এবার মেনুতে ছিল ভিন্নতা। ইলিশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে কোরাল ও পাঙ্গাস মাছ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। আয়োজকরা জানান, উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে ধরা বড় মাছের পাশাপাশি বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করে এই ভোজের আয়োজন করা হয়।
কর্তৃপক্ষের বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন:
‘বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’
ইলিশের পরিবর্তে অন্য মাছ পরিবেশনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ থাকায় বাজারে ইলিশের সরবরাহ নেই। তাই জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে সচেতনতার অংশ হিসেবেই তারা স্থানীয় মাছ বেছে নিয়েছেন।
বিজ্ঞাপন
উপজেলার সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে এই আয়োজন উপভোগ করেন এবং প্রশাসনের এমন সময়োপযোগী ও ভিন্নধর্মী উদ্যোগকে স্বাগত জানান।
প্রতিনিধি/একেবি




