প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে স্মার্ট কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। পেশাজীবী হিসেবে কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার আগামী চার বছরের মধ্যে ৬৮১ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম সফর। এ উপলক্ষে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্টেডিয়ামে কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে একটি কৃষি মেলার উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)।
এর আগে সোমবার অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমানে টাঙ্গাইলসহ সারা দেশে ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হলেও পর্যায়ক্রমে বড় পরিসরে কার্ড বিতরণ করা হবে এবং আগামী চার বছরের মধ্যে পুরো দেশ এই কার্যক্রমের আওতায় আসবে।
প্রতিনিধি/একেবি




