বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বরগুনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন জেলার সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বরগুনা শহরের শিমুলতলায় ৪৫তম বাংলা বর্ষবরণ সংগীতানুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তাছলিমা আক্তার জেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া একইভাবে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বরগুনার মানুষ পুরোনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের প্রত্যাশায় বরণ করে নেয় পহেলা বৈশাখ।
প্রতিনিধি/এজে




