গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন বছরের উদ্দীপনায় সবার জীবন রাঙিয়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’
বিজ্ঞাপন
যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে। সেই অনুযায়ী আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে পেশাদার খেলোয়াড়দের জন্য বিশেষ কার্ডের (অ্যানাউন্স কার্ড) উদ্বোধন করা হয়েছে।’
কৃষি খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে এমপি রনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল সফর করবেন এবং সেখান থেকে দেশব্যাপী কৃষকদের জন্য 'কৃষি কার্ড' প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শান্তি ও সম্প্রীতির প্রতীক সাদা পায়রা এবং বর্ণিল বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




