‘আসলে মাফিয়াদের বিরুদ্ধে কথা বললে কিছুটা রাখঢাক করতে হয়। সরকারের বিরুদ্ধে কথা বলা গেলেও মাফিয়াদের বিরুদ্ধে মুখ খোলা কঠিন। বর্তমানে মাফিয়ারাই সরকার নিয়ন্ত্রণ করছে। তাদের হাত এতটাই শক্তিশালী যে, তারা যেকোনো সরকার পরিবর্তন করার ক্ষমতা রাখে।’
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সোমবার (১৩ মার্চ) বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ ‘চায়ের আড্ডায়’ তিনি এসব মন্তব্য করেন।
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা হাদি হত্যার বিচার চাই। এই দাবিতে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করছে, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে মনে রাখতে হবে, শুধু হাদি নয় এমন বহু ‘হাদি’কে ইতিপূর্বে হত্যা করা হয়েছে, যাদের বিচার আজও মেলেনি। সাংসদ মাসউদ জোর দিয়ে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়ার মূল কারণ হচ্ছে বিদ্যমান পচা-গলা ‘সিস্টেম’ বা ব্যবস্থা। ব্যক্তি পরিবর্তনের চেয়ে ব্যবস্থার পরিবর্তন বেশি জরুরি। আমরা এই জরাজীর্ণ সিস্টেম পরিবর্তনের লড়াই করছি। সিস্টেম পরিবর্তন হলে অনেক কিছুই নিজে থেকে ঠিক হয়ে যাবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে, রাস্তায় শুধু চিৎকার করলেই কাজ হবে না। পুরো সিস্টেমের ওপর চাপ সৃষ্টি করে তা আমূল পরিবর্তন করতে হবে। মূলত দুর্নীতি বন্ধ করতে পারলেই সিস্টেম পরিবর্তন সম্ভব। আর এর জন্য দুর্নীতির সুযোগ তৈরি করে দেয় এমন নীতি বা অপশনগুলো আগে বদলাতে হবে।
প্রশাসনিক সীমাবদ্ধতার উদাহরণ দিতে গিয়ে মাসউদ বলেন, পুলিশ তদন্তে যায়, কিন্তু সরকার তাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয় না। কৃষি বীজ বা সরকারি ত্রাণের চাল আসে, কিন্তু সেখানে পরিবহণ ভাড়া ঠিকমতো দেওয়া হয় না। এসব সীমাবদ্ধতাই দুর্নীতির সুযোগ তৈরি করে দেয়। তাই ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করা অসম্ভব। অনুষ্ঠানে নোয়াখালী জেলা ও চাটখিল উপজেলা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




