সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাঝরাতে নারিকেল গাছের চূড়ায় তরুণের কাণ্ড, উদ্ধার করল ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

মাঝরাতে নারিকেল গাছের চূড়ায় তরুণের কাণ্ড, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মাদারীপুরে নারিকেল গাছের চূড়ায় মাঝরাতে ফারহান তালুকদার (১৮) নামে এক কলেজপড়ুয়া তরুণের কাণ্ড দেখে হতবাক হয়েছেন এলাকাবাসী। ওই তরুণ ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে।

সোমবার (১৩ এপ্রিল) ওই তরুণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


ভিডিওতে দেখা যায়, মাঝরাতে একটি উঁচু নারিকেল গাছের ডগায় শুয়ে আছে এক তরুণ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে গাছের দিকে টর্চলাইটের আলো ফেলে তাকে নেমে আসতে বলেন। ওই যুবক অসংলগ্ন কিছু কথা বলছিলেন এবং অনেকটা মাতাল অবস্থায় বারবার নারিকেল পাতার ওপর শুয়ে পড়ছিলেন। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রাণপণ চেষ্টায় তরুণকে গাছ থেকে নামাতে সক্ষম হন।

ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, ফারহান তালুকদার নামে ওই তরুণকে নারিকেল গাছের চূড়া থেকে নামতে বললে সে ঝাঁপ দেওয়ার হুমকি দেয়। পরে সে কিছুটা শান্ত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা কৌশলে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মাঝরাতে ওই তরুণ কেন নারিকেল গাছে উঠেছিল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর