ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৩ এপ্রিল) বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বোর্ড বাজার এলাকায় একটি নিরাপদ ওভারব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।
কর্মসূচির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, ‘বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং অনেক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি বারবার পিছিয়ে গেছে। একাধিকবার মেয়াদ বৃদ্ধির পরও প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় এবং সরকার পরিবর্তনের পর প্রকল্পটি কার্যত স্থবির হয়ে আছে। বর্তমান সরকার এখনো এ প্রকল্পের বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় অসমাপ্ত অবকাঠামোর কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে।
বিজ্ঞাপন
তারা অবিলম্বে প্রকল্পটি সচল করে কাজ সম্পন্ন করা এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
প্রতিনিধি/একেবি




