ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় মির্জা মো. তরিকুল ইসলাম নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করতে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স লোকমান এন্টারপ্রাইজ'। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকি করতে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে অনিয়মের সত্যতা পেয়ে তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান ও তার লোকজনের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ও তার অনুসারীরা প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, ‘কাজের মান নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোমতে দৌড়ে আত্মরক্ষা করি।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইলফোনে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




