প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ও জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করতে আজ সোমবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিত হন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
আগামীকাল মঙ্গলবার এই ঐতিহাসিক ভেন্যুতে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে মন্ত্রী স্বপন ফকির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এই জনসভা থেকে দেশের কৃষিখাতে ডিজিটাল বিপ্লবের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, পুরো শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
মাঠ পরিদর্শন শেষে মন্ত্রী কক্সবাজারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার বিমানবন্দর ও রেল স্টেশনে ইতিমধ্যে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে আমরা বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাচ্ছি। হোটেল-মোটেল খাতে আন্তর্জাতিক বিনিয়োগের পাশাপাশি আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ৫ সহস্রাধিক ট্রলার ও হাজার হাজার জেলের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার শুরু করছি। এর ফলে জেলেরা প্রাকৃতিক দুর্যোগ বা জলদস্যুদের কবলে পড়লে দ্রুত যোগাযোগ ও সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।’
বিজ্ঞাপন
মঙ্গলবার প্রধানমন্ত্রী যে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন, তা মূলত প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তা ও তথ্য পাওয়ার একটি ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করবে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরে টাঙ্গাইল জেলার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নতুন ঘোষণা আসতে পারে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘তারেক রহমানের এই সফর টাঙ্গাইলবাসীর জন্য অত্যন্ত গর্বের। এই সফরের মধ্য দিয়ে তৃণমূলের মানুষের সাথে সরকারের সেতুবন্ধন আরও মজবুত হবে।’
প্রতিনিধি/একেবি




