সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী
যশোর শিক্ষা বোর্ডে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষাক্ষেত্রে একই শিক্ষার্থীকে বারবার রেজিস্ট্রেশন করার ভোগান্তি ও জটিলতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

সোমবার (১৩ মার্চ) দুপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে যশোর শিক্ষা বোর্ডে আয়োজিত কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এক মুরগি তিনবার জবাই করা যাবে না এবং শিক্ষাক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একবারই সম্পন্ন করতে হবে। খুলনা বিভাগের মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করার নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্বের গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি ব্যক্তিগত সমালোচনার তোয়াক্কা না করে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের গঠনমূলক প্রশ্ন ও জবাবদিহিতার সম্মুখীন হতে তিনি সর্বদা প্রস্তুত।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়টিকে তিনি ‘ডিজিটাল নকল’ হিসেবে অভিহিত করে বর্তমান পরিস্থিতির সাথে করোনার ভ্যারিয়েন্টের তুলনা করেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যদি নকল করতে চায় তবে সেটি তাদের চেয়ে শিক্ষকদের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হওয়া উচিত। কেন শিক্ষার্থীরা নকলের পথ বেছে নিচ্ছে, তার মূল কারণ উদ্ঘাটন করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে সভায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের গাজী এনামুল হক, যশোর-৬ আসনের মোক্তার আলী, নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু, সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় নিজেদের মতামত তুলে ধরেন।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর