চুয়াডাঙ্গার জীবননগরে তেলপাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে আরও ৫ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেলপাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সিফাত হোসেন (২৭) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এছাড়া একই ধরনের অপরাধে ৪ জনকে মোট ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন- জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের ইয়াসিন আলী, হরিয়ান নগরের মোশারফ হোসেন ও বাঁকা গ্রামের শাহিন উদ্দিন।
বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিফাত হোসেন ফুয়েল কার্ড ছাড়া লাইনে অনিয়ম করে জ্বালানি নিতে চাপ সৃষ্টি করেন। তাকে সতর্ক করে নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতি সৃষ্টি করেন। ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস




