চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল ও সিআরবি এলাকায় আগামীকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যস্ত উদযাপন করা হবে পহেলা বৈশাখ ১৪৩৩ এর অনুষ্ঠান। এতে যানজট এড়াতে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যা ওই সময় পর্যস্ত বলবৎ থাকবে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সিএমপির গণসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ডিসি হিলের নজরুল স্কয়ার ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে ডাইভারশন দেওয়া হবে।
ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।
একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
পুলিশ জানায়, পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর চট্টগ্রামে পহেলা বৈশাখ ঘিরে ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম হয় এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নগরীর তরুণ-তরুণীরা বৈশাখী উৎসবে মেতে উঠে।
প্রতিনিধি/টিবি




