সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মূখ নামক স্থান থেকে নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে থানা পুলিশ শিশুকন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বিজ্ঞাপন
নবজাতক শিশুকন্যা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, রিকশাচালক লামাকাজি এলাকা থেকে গাড়ি নিয়ে আসার পথে রামপাশার ধুলিপাড়া নামক স্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি রাস্তার পাশে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে তিনি অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। রাতে খোলা পরিবেশে পড়ে থাকায় তার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রিকশাচালক মুক্তার মিয়া বলেন, আমি রিকশা নিয়ে লামাকাজি থেকে রামপাশা আসার পথে হঠাৎ ধলিপাড়া পিছের মুখ নামক স্থান এসে আমার গাড়ি বন্ধ হয়ে যায়। এসময় রাস্তার পাশে একটি শিশুর শব্দ শুনতে পাই, একটু এগিয়ে গিয়ে দেখি শিশুটি পড়ে রয়েছে। পরে অন্যজনের কাছ থেকে থানা পুলিশের নম্বর সংগ্রহ করে পুলিশকে ফোন দেই। এরপর পুলিশ এসে শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সে বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে হাসপাতালে রেখে এসেছি।
প্রতিনিধি/টিবি




