সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে আর্থিক সহায়তা

নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে মোট ৩ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।


বিজ্ঞাপন


জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। জেলা পরিষদ জানায়, যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর