মাগুরায় মাদক উদ্ধার অভিযানের সময় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) মহম্মদপুর উপজেলার বিনদপুর কানুটিয়া চরপাড়া এলাকায় মাদক উদ্ধারকালে আকুব্বর (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়ে।
বিজ্ঞাপন
নিহতের স্ত্রী জোছনা খাতুন দাবি করেছেন, তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জ্যোৎস্না খাতুন বলেন, ১০-১২ জন লোক হঠাৎ তাদের বাড়িতে প্রবেশ করে নিজেদেরকে ‘ডিবির লোক’ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। তারা ঘরে কিছু না পেয়ে একপর্যায়ে আকুব্বরকে আটক করে মারধর করে। আমার স্বামী বারবার বলেছিল, তার কাছে কিছু নেই। আমি নিজেও অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা শোনেনি। ঘরে কিছু না পেয়ে তারা প্লাস্টিকের পাইপ, লাঠি দিয়ে আমার স্বামীকে পিটাতে থাকে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোছা. সাহারা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কানুটিয়া চরপাড়ায় আকুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া সাকিনা ঝরা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, অভিযানের সময় আকুব্বর নামে এক ব্যক্তিকে আটক করতে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস




