টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা পাচারের সময় শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা ও প্রাইভেটকারচালক মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়ার বাসিন্দা মোসা. বিউটি (২৭) এবং মোসা. মাহিম (১৯)।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকের ভেতর কালো ও খাকি কসটেপে মোড়ানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো খুলে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্য চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এজে




