শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারী সেজে আর অশ্লীলতা ছড়াবেন না রেদোয়ান, দিলেন মুচলেকা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

নারী সেজে আর অশ্লীলতা ছড়াবেন না রেদোয়ান, দিলেন মুচলেকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করেছে পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা থানায় হাজির হয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত অঙ্গীকার (মুচলেকা) দেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় রেদোয়ান ইসলামের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে, গত ৫ এপ্রিল ‘তৌহিদী জনতা’ ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ড স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট প্রচারের মাধ্যমে কিশোর-তরুণদের নৈতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‌‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম বলেছেন, তিনি ছেলে। তিনি আর কখনো নারী সেজে অশ্লীলতা ছড়াবেন না। এজন্য মুচলেকা দিয়েছেন। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের পূর্বে ৫ সদস্যের একটি আংশিক কমিটি থাকলেও সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলামকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছিল। তবে তাকে ঘিরে সমালোচনা শুরু হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর