চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তিন যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ চলাকালে ওই তিন যুবক তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকেও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইওয়ে ফিলিং স্টেশনে তেল কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ অন্যান্য কর্মকর্তারা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




