চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। একই দিনে পৃথক অভিযানে মাদকসহ আটক কাঞ্চন সওদাগর (৪০) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ও একই ইউনিয়নের ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিনে শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই পিস ইয়াবা ও দুই গ্রাম গাঁজাসহ একজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
এআর




