যশোরের ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে ভস্মীভূত হয়েছে। তবে স্থানীয় জনতা ও পাম্পের গ্রাহকদের দ্রুত তৎপরতায় পাম্পটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। দুর্ঘটনা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটেছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি জানান, ব্যক্তিগত কাজে শহরে আসার পর বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে পাম্পে তেল নিতে যান। এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ৫০০ টাকার তেল নেওয়ার সময় তেল ওভারফ্লো হয়ে মোটরসাইকেলের ইঞ্জিনে পড়লে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
পেট্রোল পাম্পের ম্যানেজার মাহফুজুর রহমান আনিস জানান, গ্রাহককে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। ওই মোটরসাইকেলে তেল থাকায় ৪১০ টাকার তেল নেওয়ার সময় ট্যাংকি ভরে তেল বাইরে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। পাম্পে থাকা লোকজন দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহ অব্যাহত রয়েছে।
এআর




