রংপুরে পূর্ব শত্রুতার জেরে রাকিব (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে মাদক ব্যবসায়ী মো. মমিনসহ একদল দুষ্কৃতকারী। নিহত রাকিব নগরীর বৈরাগী পাড়ার আব্দুস সামাদের ছেলে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তাতিপাড়া মাছুয়াপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব মাদক ব্যবসায়ী মো. মমিনের (৪২) সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে নিহত রাকিবের পিতা আব্দুস সামাদ গত বছরের ১৪ নভেম্বর মমিনসহ কয়েকজনের নামে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন।
মামলা ও পূর্ব শত্রুতার জেরে আজ বিকেলে নগরীর তাতিপাড়া মাছুয়াপাড়া মোড়ে রাকিবকে একা পেয়ে মমিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ‘ক্রাইম সিন’ হিসেবে ঘিরে রাখে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি




