ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বরত কর্মকর্তা মো. আল আমিন মোল্যা। তিনি বর্তমানে নলছিটি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
গত ১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় তিনি মোল্লারহাট ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার চেষ্টা করলেও অতিরিক্ত কাজের চাপে তার মূল দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
আবেদনে তিনি আরও জানান, প্রশাসকের দায়িত্ব পালনের ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা তার নিয়মিত পেশাগত দায়িত্বের বাইরে হওয়ায় দীর্ঘ সময় এই অতিরিক্ত দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ‘আমরা আবেদনটি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি




