বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি খুন, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি খুন, গ্রেফতার ৩

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মূলত নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়িকে খুন করেন পুত্রবধূ আরিফা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন পিরুজালী আলিমপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের শাহনাজ বেগম (৪৫)।


বিজ্ঞাপন


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার গভীর রাতে পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেছিলেন, গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হানা দিয়ে তার শাশুড়ি আছমা আক্তারকে হত্যা করেছে। তবে তার বর্ণনায় ও আচরণে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ নিবিড় তদন্তে নামে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফা স্বীকার করেন যে, সম্পদের লোভে তিনি নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অপরাধে সম্পৃক্ত আরও দুজনকে রাতেই আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, ডাকাতির নাটকের আড়ালে মূল ঘটনা উদঘাটনে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর