বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের প্রথম ব্যাচের (১৯৭৪) কর্মকর্তা ও সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কানাডায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
বিজ্ঞাপন
কামরুল হাই ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান জহুরুল হক হল) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। তিনি ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সিএসপি পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। বাংলাদেশ সরকারের ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদ থেকে অবসর নেয়ার পর ২০০৮ সাল থেকে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মরহুম কামরুল হাই ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা) অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহাতা গ্রামের কৃতি সন্তান এবং জেলা শহরের মৌলভীপাড়ার ঐতিহাসিক 'বায়তুল আমান' বাড়ির মালিক সাবেক ডেপুটি সেক্রেটারি আব্দুল হাইয়ের পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে তৃতীয় ছিলেন।
মরহুমের ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই জানান, কামরুল হাইকে কানাডাতেই সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কানাডা সময় দুপুর পৌনে ২টায় ওখানকার নাগেট মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৩টায় টরন্টোর রিচমন্ড হিলের লেসলি স্ট্রিট নর্থ এলাকার মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে সাবেক এই হিসাব মহানিয়ন্ত্রকের মৃত্যুতে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের মহাসচিব মো. নূরুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এছাড়া কামরুল হাইয়ের স্মরণে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ ফারুক হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএএস সুপারিনটেনডেন্ট মাসুকুল আলম।
প্রতিনিধি/একেবি




