পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজখোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো আগুনে গ্রাস হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো চাঁন মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চাঁন খান। তাদের প্রত্যেকের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সরদার চাঁন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
প্রতিনিধি/ এজে




