সুনামগঞ্জের দিরাইয়ে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত চন্দ্র দাসের (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌর সদরের মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অসিত চন্দ্র দাস উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি দিরাই পৌরশহরের মজলিশপুর এলাকায় বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যা সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি নিয়ে নিজ বাড়ির নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
এদিকে, হঠাৎ অসিত চন্দ্র দাসের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সহকর্মী ও শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে স্তব্ধ।
প্রতিনিধি/টিবি




