বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৬২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ইউনুস আলী উপজেলার সাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল কর্মকর্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বিকেল ছয়টা থেকে প্রায় ৩৬ মিনিট ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে শাজাহানপুর থানা ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনাস্থলেই ইউনুস আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
প্রতিনিধি/এসএস




