নড়াইলের লোহাগড়া উপজেলায় টিকটক-ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক ও ফ্রি ফায়ার নিয়ে লাহুড়িয়া গ্রামের এগারোনলী ও ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া কিশোরদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জেরে বুধবার (৮ এপ্রিল) সকালে দুই গ্রামবাসী বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

