বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনুমোদনহীন ৮ বছর

আশুগঞ্জে বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ ৮ বছর ধরে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজার রোডে অবস্থিত ‘নিউ গ্রিন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার এবং প্রসিকিউটর শাহেদ আহমেদ।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, নিউ গ্রিন লাইফ হাসপাতাল ২০১৮-১৯ সালে এক বছরের জন্য লাইসেন্স পেলেও পরবর্তীতে তা আর নবায়ন করেনি। ফলে দীর্ঘ ৮ বছর ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল।

অভিযানকালে পরিলক্ষিত অন্যান্য অনিয়ম প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই; এক্স-রে পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনোলজিস্টের নিয়োগপত্র বা সনদপত্র পাওয়া যায়নি; সেবামূল্যের তালিকা প্রদর্শন করা হয়নি; হাসপাতালের সার্বিক পরিবেশ মানসম্মত ছিল না।

এসব অনিয়মের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ৬, ৭ ও ৮ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সকল অনুমোদন ও বৈধ কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর