ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন ফেনী সদর এলাকার এবং বাকিরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তারা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে কৌশলে এক তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে তারা ওই তরুণীর বাড়িতে ঢুকে স্বজনদের ভয়ভীতি দেখায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনুপ কুমার বিশ্বাস বলেন ‘ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদ্রাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ৬ জনকে মামলায় অভিযুক্ত দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছিল। স্থানীয়দের সচেতনতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ করা অত্যন্ত গুরুতর বিষয়। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।’
প্রতিনিধি/একেবি

