চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই সারোয়ার (১৭) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম. শাকিল হাসান জানান, হরিনগর এলাকায় একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। ট্রলিতে থাকা তার ছোট ভাই সারোয়ারও এ সময় গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একেবি

