বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনলাইনে অর্ডার নিয়ে জাল সার্টিফিকেট বিক্রি, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

অনলাইনে অর্ডার নিয়ে জাল সার্টিফিকেট বিক্রি, গ্রেফতার ২

অনলাইনে অর্ডার নিয়ে রাজশাহীতে জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করে আসছিল একটি চক্র। সেই চক্রের প্রতারণার খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিরা হলেন— নগরীর আলুপট্টি এলাকার অর্জুন মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭) এবং রবিউল আওয়ালের ছেলে রায়হান আউয়াল (২১)।

র‌্যাব জানায়, নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) আলুপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় অভিজিৎ ও রায়হানকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা একে অপরের যোগসাজসে এবং আরেক আসামি হবিগঞ্জ জেলার আব্দুল বাছিত রিয়ান (২৩) দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। এরপর অভিনব উপায়ে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে তা সরবরাহ করে আসছিল চক্রটি।


বিজ্ঞাপন


র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর