বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব

তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে সড়কে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ এএম

শেয়ার করুন:

তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে সড়কে

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়োবৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়েছে, যার ফলে যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এদিকে কালবৈশাখী ঝড়ের সময় পা পিছলে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে বিদ্যুতের তার ছিঁড়ে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা, মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মকলেছুর রহমান বাড়ির তিনতলার ছাদে টিন নামানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান।


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর মোড়, ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে। এছাড়া চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া ও কোষাঘাটা এলাকায়ও গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন।

ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, জাফরপুর বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডুগডুগিতে ৩৩ হাজার ভোল্টের লাইনের ওপর গাছ ভেঙে পড়েছে। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছগুলো দ্রুত অপসারণ করা হয়েছে।

প্রতিনিধি/এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর