ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে রাতেও অফিস খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পিআইও কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পরে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অফিস খোলা থাকাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদসহ তার দলের নেতাকর্মীরা পিআইও কার্যালয়ে যান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
পরে সেখানে ছাত্রদলের কিছু নেতাকর্মী উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হলে কয়েকজন আহত হন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসটি

