মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওয়াসিফ ওই এলাকার বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন আহমেদ রাকিব জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং ছাদের কলামের বেরিয়ে থাকা রডের ওপর পড়ে যায়। এতে রডটি তার পেটে ঢুকে গুরুতর আহত হয় সে।
স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিব আরও বলেন, নিহত মাশরুর ওয়াসিফ রায়ানের বাবা মুসলিম উদ্দিন একটি ফিশিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ওয়াসিফ ছিল সবার বড়। আজ রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম বলেন, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে স্বজনরা জরুরি বিভাগে নিয়ে আসেন। পরিবারের লোকজন জানান, তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢুকে গেছে। তাৎক্ষণিকভাবে তার ইসিজিতে কোনো হার্টবিট পাওয়া যায়নি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বলেন, ‘মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে স্বজনরা নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢোকার আলামত রয়েছে।’
প্রতিনিধি/এসটি/

